উন্মোচন হলো রিয়েলমি ৫ ও ৫ প্রো

২০ আগষ্ট, ২০১৯ ১৮:৩২  
টুইটারে ঝড় তুলে ভারতের মাটিতে উন্মোচন হলো রিয়েলমি ৫ ও রিয়েলমি ৫ প্রো মডেলের দুটি ফোন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় অপোর সাবব্র্যান্ড রিয়েলমি ব্র্যান্ডের নতুন ফোন দুটির মোড়ক উন্মোচন করেন রিয়েলমির সিইও মাধব শেঠ। কোম্পানির সাম্প্রতিক অর্জন তুলে ধরে মাধব জানান, সবচেয়ে দ্রুত বাড়ন্ত এই ব্র্যান্ডটির ভারতের মাটিতে ১০ মিলিয়ন ব্যভহারকারী রয়েছে। আর ফ্লিপকার্টের পাশাপাশি ভারতের ৬০টি শহরের ১৮ হাজার স্টোরে নতুন ফোন দুটি সরবরাহ করা হচ্ছে। ২৭ আগস্ট থেকে রিয়েলমি ৫ এবং ৪ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে রিয়েলপি ৫ প্রো। মোড়ক উন্মোচনের নতুন ফোন দুটির বিস্তারিত তুলে ধরেন রিয়েলমি ইন্ডিয়া’র সিইও নিধি ভাটিয়া। তিনি জানান, রিয়েলমি ৫ ফোনে আছে ৬দশমিক ৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এর রেজুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। প্রসেসরে স্ন্যাপড্রাগন ৬৬৫। ফোনটি ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। চাইলে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। ফোনটির পেছনে রয়েছে চারটি ক্যামেরা। ১২ মেগাপিক্সেলের মেইন লেন্স, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও পোর্ট্রেট লেন্স। সেলফি তুলতে সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।ব্যাকআপের জন্য এতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল পার্পেল রঙে পাওয়া যাবে ফোনটি। দাম ধরা হয়েছে ৯ হাজার ৯৯৯ রুপি। অপরদিকে রিয়েলমি ৫ এর চেয়ে আকারে ছোট ও ১৫ শতাংশ হালকা রিয়েলমি ৫ প্রো ফোনটিতে আছে ৬ দশমিক ৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ব্যাকআপের জন্য এতে আছে ৪০৩৫ এমএএইচ ব্যাটারি। ফোনটি ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করবে। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন ৭১২। এছাড়াও ফোনটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এই ফোনটির পেছনেও রয়েছে চারটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেইন লেন্স বাদে রিয়েলমি ৫ এর সঙ্গে ফোনটির ক্যামেরা সেটআপে আর কোনো পার্থক্য নেই। সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। এর দাম ধরা হয়েছে ১৩ হাজার ৯৯৯ রুপিতে।